ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাভেদ) যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক, যার অধিকাংশই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। এসব বাড়ির বর্তমান বাজারমূল্য ৩২ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৮২৪ কোটি টাকার বেশি। এ ছাড়াও তাঁর যুক্তরাষ্ট্র ও দুবাইয়েও সম্পত্তি রয়েছে।
আল–জাজিরার কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যমের অনুসন্ধানী দল ‘আই ইউনিট’ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী লন্ডনের বাইরে দুবাইয়ে ২০২০ সালের মধ্যে ৫৪টি সম্পত্তি কিনেছিলেন এবং যুক্তরাষ্ট্রে নয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যার মধ্যে পাঁচটি ম্যানহাটানে এবং চারটি নিউ জার্সিতে অবস্থিত।
প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান এসব সম্পদ তাঁর নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন। আল–জাজিরার অনুসন্ধানে উঠে আসে যে, লন্ডনে তাঁর সম্পত্তি দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব সম্পদ গড়ার কৌশলও উন্মোচিত হয়।
সাইফুজ্জামান স্বীকার করেছেন, শেখ হাসিনা তাঁর বিদেশের ব্যবসার বিষয়ে জানতেন। তিনি আরও বলেন, ‘আমার বাবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ছিলেন এবং আমিও।’
আল–জাজিরার অনুসন্ধানে তাঁর বিলাসবহুল জীবনের কথাও উঠে এসেছে। সাইফুজ্জামান তাঁর টেইলর-মেড কাস্টম জুতা এবং সুপার ২০০ স্যুটের কথা উল্লেখ করেছেন, যা তিনি লন্ডনে কেনেন, প্রতিটি জুতার দাম তিন থেকে ছয় হাজার পাউন্ড এবং স্যুটের দাম ছয় থেকে আট হাজার পাউন্ড পর্যন্ত হয়।
সাইফুজ্জামান তাঁর বিলাসবহুল জীবনযাপনের আরও কিছু অংশ তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, তাঁর পছন্দের জুতা উটপাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি, যেগুলো একেকটি তিন হাজার থেকে ছয় হাজার পাউন্ড পর্যন্ত মূল্যের। এসব জুতা তৈরি করতে চার মাস সময় লাগে, যা তিনি লন্ডনের হেরডসসহ অন্যান্য অভিজাত স্থানে অর্ডার দিয়ে তৈরি করান।
তিনি আরও বলেন, স্যুটের ক্ষেত্রে তিনি ‘সুপার ২০০’ কাপড়ের স্যুট কিনতে পছন্দ করেন, যা লন্ডনের কেনালি বন্ড স্ট্রিট থেকে কেনা হয় এবং এগুলোর দাম ছয় থেকে আট হাজার পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। প্রতিবার লন্ডনে গেলে এসব স্যুট কেনেন এবং বিক্রেতারাই তাঁর বাসায় পৌঁছে দেন।
এই সব তথ্য আল–জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’-এ উঠে এসেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তাঁর সম্পদের বিশাল পরিমাণ এবং বিলাসবহুল জীবনযাত্রার সাথে নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলের তথ্যের বিস্তর ফারাক রয়েছে।
