প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে মনে রাখতে হবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া মানেই জনগণের ওপর ইচ্ছামতো ক্ষমতা প্রয়োগের অধিকার পাওয়া নয়। বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের স্বৈরাচার, রাজনৈতিক দমন-পীড়ন, দুর্নীতি, ভোটাধিকার হরণ এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল, তার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল রাষ্ট্রীয় সংস্কার এবং ভবিষ্যতে কোনো সরকার যেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করা। অথচ বর্তমান বিএনপি সরকারের কর্মকাণ্ডে যদি সেই সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার প্রবণতা দেখা যায়, তাহলে জনগণের মধ্যে হতাশা তৈরি হওয়াই স্বাভাবিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রশ্ন, যে গণতন্ত্রের কথা বলে বিএনপি রাজনৈতিক আন্দোলন করেছে, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়নে এত অনীহা কেন? জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে সমস্যা কোথায়? জুলাই সনদ এবং গণভোটের প্রশ্নে রাজনৈতিক সুবিধা-অসুবিধার হিসাব না করে জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিতে হবে। মনে রাখতে হবে, জনগণ কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয় এবং রাষ্ট্রও কোনো দলের পারিবারিক বা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে না। জনগণের রক্ত, ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত রাজনৈতিক পরিবর্তনকে অবহেলা করার অধিকার কারও নেই।
