জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান বিএনপি সরকারের আইনশৃঙ্খলা রক্ষার সক্ষমতাকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। গত ১১ নভেম্বর গভীর রাতে তাঁর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুসরাত ও এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দিয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, নুসরাতের দাবি অনুযায়ী, ঘটনার আগে তাঁকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল এবং ২৮ অক্টোবরের হুমকির ঘটনায় তিনি কলাবাগান থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। অর্থাৎ সম্ভাব্য বিপদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগেই অবহিত করা হয়েছিল। তারপরও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা গেল না কেন? একজন সংসদ সদস্যের পরিবার যদি আগাম হুমকির তথ্য পুলিশকে জানানোর পরও নিরাপদ না থাকে, তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়? সরকার কি শুধু ঘটনা ঘটার পর বিবৃতি দেবে, নাকি ঘটনা ঘটার আগেই নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে? রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিককে নিরাপত্তা দেওয়া, রাজনৈতিক পরিচয় অনুযায়ী নিরাপত্তার মান নির্ধারণ করা নয়। এই ঘটনা সরকারের সেই মৌলিক দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে গভীর সন্দেহ তৈরি করেছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে যে ধরনের সংবেদনশীল ও দায়িত্বশীল প্রতিক্রিয়া প্রত্যাশিত ছিল, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর নুসরাত নিজেই ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, কেন ঘটনাটিকে লঘু করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় প্রথমেই প্রয়োজন ছিল নিরপেক্ষ তদন্ত, আলামত সংরক্ষণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য হামলাকারীদের শনাক্ত করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা। অথচ তদন্তের ফল প্রকাশের আগেই ঘটনাটির গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলা কিংবা ভুক্তভোগীর বক্তব্যকে সন্দেহের চোখে দেখা কোনো দায়িত্বশীল রাষ্ট্রীয় আচরণ হতে পারে না। সরকার যদি সত্যিই অপরাধীদের বিচারের মুখোমুখি করতে চায়, তাহলে তাদের উচিত রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করা। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কোনো রাজনৈতিক দলের বক্তব্যের জবাব দেওয়া নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহির মধ্যে রাখা। মনে রাখতে হবে, সরকারের দায়িত্বশীল পদে বসে দেওয়া প্রতিটি বক্তব্যের রাজনৈতিক ও সামাজিক প্রভাব রয়েছে। বিশেষ করে একজন নারী সংসদ সদস্যের পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পর সরকারের কাছ থেকে সহানুভূতি, স্বচ্ছতা ও দৃঢ় পদক্ষেপ প্রত্যাশিত। ভুক্তভোগীর অভিযোগের সত্যতা তদন্তে যাচাই হোক, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনাটিকে গুরুত্বহীন করে দেখানোর কোনো সুযোগ নেই।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও কঠিন প্রশ্ন তোলা জরুরি। একজন রাজনৈতিক নেত্রী যদি একাধিক হুমকি পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করেন, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা জনগণের সামনে প্রকাশ করতে হবে। হুমকির ফোন নম্বর শনাক্ত করা হয়েছিল কি না, সম্ভাব্য সন্দেহভাজনদের বিষয়ে অনুসন্ধান করা হয়েছিল কি না, তাঁর পরিবারের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করা হয়েছিল কি না এবং স্থানীয় পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল কি না, এসব প্রশ্নের উত্তর দেওয়া পুলিশের দায়িত্ব। শুধু মামলা গ্রহণ, ঘটনাস্থল পরিদর্শন কিংবা ঘটনার পর আসামি গ্রেপ্তারের আশ্বাস দিয়ে দায়িত্ব শেষ করা যায় না। উল্লেখ্য, পুলিশের প্রাথমিক বক্তব্যে ঘটনাস্থলে পেট্রোল বোমা বা বিস্ফোরক ব্যবহারের আলামত না পাওয়ার কথা জানানো হয়েছিল। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে শর্টসার্কিটের সম্ভাবনাও নাকচ করার খবর প্রকাশিত হয়েছে। পরবর্তী সময়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে এবং নুসরাতের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। সুতরাং প্রকৃত ঘটনা কী, তা নির্ধারণের জন্য বৈজ্ঞানিক তদন্ত ও নিরপেক্ষ প্রমাণের প্রয়োজন। কিন্তু তদন্তের নামে সময়ক্ষেপণ, প্রভাবশালীদের আড়াল করা কিংবা রাজনৈতিক বিবেচনায় অপরাধীদের প্রতি নমনীয়তা দেখানোর সুযোগ নেই। জনগণের করের টাকায় পরিচালিত পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী নয়; তাদের দায়িত্ব সংবিধান, আইন এবং জনগণের কাছে জবাবদিহি করা। অপরাধী যে দলেরই হোক, তার পরিচয় নয়, অপরাধই বিচারের ভিত্তি হতে হবে।
প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ের কারণে মানুষের বাড়িঘর আক্রান্ত হওয়ার আশঙ্কা কেন থাকবে? জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল রাষ্ট্রীয় নিপীড়ন, রাজনৈতিক প্রতিহিংসা এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করা। অথচ সরকার পরিবর্তনের পরও যদি রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো, হুমকি দেওয়া কিংবা তাদের পরিবারের নিরাপত্তা বিঘ্নিত করার মতো ঘটনা ঘটে, তাহলে পরিবর্তনের প্রতিশ্রুতির বাস্তবতা কোথায়? কোনো রাজনৈতিক দলের সঙ্গে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই মতপার্থক্য কখনোই কারও বাড়িতে আগুন দেওয়া, পরিবারের সদস্যদের জীবন বিপন্ন করা কিংবা রাজনৈতিক কণ্ঠরোধ করার লাইসেন্স হতে পারে না। সরকারকে স্পষ্ট করতে হবে, তারা কি সত্যিই আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, নাকি বিরোধী ও ভিন্নমতাবলম্বীদের নিরাপত্তার প্রশ্নেও রাজনৈতিক সুবিধা-অসুবিধা বিবেচনা করবে? আমরা এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ তদন্ত দাবি করছি। হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নুসরাত তাবাসসুম এবং তাঁর পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব অপরাধীদের রক্ষা করা নয়, নাগরিকদের রক্ষা করা। সরকারকে মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু রাষ্ট্রীয় ব্যর্থতা ও বিচারহীনতার দায় ইতিহাসে থেকে যায়। যে সরকার একজন সংসদ সদস্যের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই সরকার সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দেবে কীভাবে? প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারের উচিত নিজেদের ব্যার্থতা স্বীকার করে দ্রুত পদত্যাগ করা।
